জাফরুল্লাহ বললেন

পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করুন

আপডেট : ২৬ জুন ২০২২, ০৫:৫০ এএম

পদ্মা সেতুতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া বিদেশিদের জন্য টোল দ্বিগুণ করারও দাবি জানিয়েছেন তিনি।   

গতকাল শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি জানিয়েছেন তিনি। পদ্মা সেতু নিজ চোখে দেখতে পেরে আপ্লুত ও গর্বিত জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আনন্দিত। একাত্তরেও মুক্তিযুদ্ধ করতে পেরেছি। আজকে পদ্মা সেতু নিজের চোখে দেখতে পেরেছি। জীবনের বড় একটি আকাক্সক্ষা পূরণ হয়েছে। জাতির উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটাতে অনুপস্থিত ছিলাম, সেটি ৭ মার্চের ভাষণ। এ ছাড়া জাতির সব গুরুত্বপূর্ণ ঘটনায় আমি ছিলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি প্রধানমন্ত্রীকে আরও মহানুভব হতে অনুরোধ করছি। প্রান্তিক জনগোষ্ঠীর দিকে নজর দিতে হবে। উনি অনেক ভালো কাজ করেছেন। উনার সুস্বাস্থ্য কামনা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত