কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া প্রশ্ন তুলেছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেসি ব্রুআরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এতথ্য জানান সিইসি। তিনি জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশ দেখতে চায় দেশটি।
এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জেরেসি ব্রুআর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশ দেখতে চায় তার দেশ। অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগে আমাদের দেশে খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে।
এই কূটনীতিক বলেন, তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়ায় নেই, নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। খুব সুন্দর এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এই সাক্ষাৎ সম্পর্কে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনার কুমিল্লার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। এ ছাড়া তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয় উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’
কোনো পরামর্শ দিয়েছেন কি না জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘না, কোনো পরামর্শ দেননি। আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।’
