বিএনপিকে বিরোধী দল ‘আখ্যার’ এক্সপাঞ্জ দাবি সংসদে

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:৩৯ এএম

বিএনপিকে বিরোধী দল আখ্যায়িত করে দেওয়া সংসদ সদস্যদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, ‘এই সংসদে আমরাই (জাপা) বৃহত্তর বিরোধী দল। এখানে কোনো ভুল নেই।’ গতকাল সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মসিউর রহমান বলেন, সংসদে অনেক সংসদ সদস্য বিএনপির সমালোচনা করতে গিয়ে সংসদে বিএনপিকে বিরোধী দল বলেন। সংসদে আমরা বৃহত্তর বিরোধী দল। আমরা বিরোধী দল এখানে কোনো ভুল নেই। সংসদ সদস্যবৃন্দরা বিএনপিকে উদ্দেশ করে বিরোধী দল বলেছেন, তা একপাঞ্জ করার অনুরোধ করছি।’

পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে জাপা সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে, কষ্ট করে আজ এই সেতুটি দাঁড় করিয়েছেন। আমার মনে হয় যদি সেতুটি উনি (প্রধানমন্ত্রী) সম্পন্ন করতে না পারতেন, তাহলে উনি একটা নিজের ক্ষতি নিজেই করে বসতেন।’ মসিউর রহমান স্পিকারকে বলেন, ‘আপনার মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। এ রকম একটি সম্ভাবনা ওনার মধ্যে আমি দেখেছিলাম যে এনি হাউ, এনি কস্ট এটা করতে হবে। উনি এটা করেছেন।’

পদ্মা সেতু নির্মাণ নিয়ে সমালোচনাকারীদের প্রতি ইঙ্গিত করে জাপা এমপি বলেন, ‘যারা পরের ভালো দেখতে পারে না, পরশ্রীকাতরতা যাদের মধ্যে আছে, তারা বলেছেন এটা করতে পারবেন না। এগুলো দেখার সময় ওনার (প্রধানমন্ত্রীর) নেই। উনি যেভাবে দেশটার উন্নতি করছেন, আরও করবেন। আমরা তা বিশ^াস করি।’

ফোক শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের একটি গানের কলি উল্লেখ করে রাঙ্গা বলেন, ‘বুকটা ফাইট্টা যায়’ গানের মতো ওদের বুকটা ফাইট্টা যায়। এ জন্য একবার বলে ভেঙে পড়বে। একবার বলে এই হবে। একবার বলে ওই হবে। কালকে (গতকাল) আমাদের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন নাহয় নৌকায় যাবেন। নৌকায় আবার কেমনে যায়। এটা তো আরেকটি বিপদ। তাহলে কিসে যাবে।

দুর্নীতিবাজদের প্রশ্নে তিনি বলেন, একটি মানুষের খেতে-পরতে কতটুকুু সুযোগ-সুবিধা লাগে, সেটা হওয়ার পর কেউ দুর্নীতি করলে তার সঙ্গে সমঝোতা করার কিছু আছে বলে মনে করি না। তিনি বলেন, দুর্নীতিবাজরা আমলা হোক বা রাজনীতিবিদ হোক বা অন্য কেউ হোক, তারা নিজেরাও জানে না তাদের কত টাকা আছে। তাদের সন্তানরা উচ্ছৃঙ্খলে চলে গেছে। খোঁজ নিয়ে দেখেন। সব এমপির খোঁজ নিয়ে দেখেন, যারা এর সঙ্গে জড়িত তাদের একটি সন্তানও মানুষ হয়নি।

তিনি বলেন, মেডিকেলে অনেক দুর্নীতি হয়। বিনা পয়সার সব ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। এটা কেউ ধরে না। যারা ধরার যেকোনোভাবে হোক ধরে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত