আর্থিক প্রতিবেদন যাচাইয়ে ডিভিএস ব্যবহার করবে বিডা

আপডেট : ২৮ জুন ২০২২, ১১:২৯ পিএম

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সঠিকতা যাচাই করার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) ব্যবহার করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিডা ও আইসিএবির মধ্য এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগ প্রকল্প অনুমোদনের সময় প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন দেখে থাকে বিডা। ডিভিএস ব্যবহারসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার ফলে বিনিয়োগ প্রকল্প অনুমোদনসহ বিদেশে বাণিজ্যিক কার্যালয় স্থাপন, রেমিট্যান্স ও বিদেশি ঋণ অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আরও সহজ হবে।

এ সময় আইসিএবির প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন এফসিএ বলেন, ডিভিএস একাধিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরি প্রবণতা দূর করবে। ডিভিএস চালুর এক বছরের মধ্যে নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সংখ্যা প্রায় ৩৭ হাজার হয়েছে অর্থাৎ এ পর্যন্ত এ সংখ্যক ডিভিসি কোড দেওয়া হয়েছে।

আইসিএবির কাউন্সিল সদস্য ফোরকান উদ্দীন এফসিএ বলেন, ডিভিএস সরকারের রাজস্ব বাড়াতে সহায়তা করছে। এর সঠিক ব্যবহারে কর ও ভ্যাট ফাঁকি বন্ধ হবে। ফলে ব্যবসায় বাণিজ্যে সমতার ক্ষেত্র তৈরি হবে। সবাইকে সঠিক কর ও ভ্যাট প্রদানে বাধ্য করবে এই ডিভিএস। এতে করে করপোরেট সুশাসন নিশ্চিত হবে। আর্থিক প্রতিবেদনে আস্থা বাড়বে। বিনিয়োগ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহসিনা ইয়াসমিন বলেন, এ সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় ডিভিএস কার্যকর ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত