জাপানে ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:৩৭ এএম

প্রায় দেড়শ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপান। আর এই সময়ে কর্মকর্তারা বিদ্যুৎ সংকটের বিষয়ে সতর্ক করেছেন এবং সম্ভব হলে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। তবে তাপপ্রবাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা বাড়তে থাকায় সরকার এখনো হিটস্ট্রোক এড়াতে এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সামনের দিনগুলোতেও তীব্র গরম অব্যাহত থাকতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে এখন তাপপ্রবাহ বেশি ঘন ঘন, তীব্র এবং আরও বেশি দীর্ঘস্থায়ী হয়ে উঠছে।

শিল্প যুগ শুরুর সময় থেকে এখন বিশ্বের তাপমাত্রা ইতিমধ্যেই ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আর দুনিয়ার সরকারগুলো কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ না নিলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। গতকাল বুধবার টানা পঞ্চম দিনের মতো জাপানের রাজধানী টোকিওর তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। এতে ১৮৭৫ সালের জুনে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

এছাড়া টোকিওর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইসিসাকিতে ৪০.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা জুন মাসে জাপানে রেকর্ড হওয়া সবচেয়ে বেশি তাপমাত্রা। ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ে টুইটারে হতাশা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘বাইরে খুব গরম এবং কেবলই বাইরে ছিলামৃ মানে আমি এক আগুনের কুণ্ড থেকে ফিরলাম। পানিতে গোসল করতে চাই।’

জুন মাস জাপানে সাধারণত বর্ষাকাল। তবে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) টোকিও এবং এর পার্শ্ববর্তী এলাকায় সোমবারই এই মৌসুমের শেষ ঘোষণা করে দেয়। স্বাভাবিক সময়ের ২২ দিন আগেই এই ঘোষণা দেওয়া হয়েছে। আর এতে ১৯৫১ সালের পর সবচেয়ে আগে বর্ষা মৌসুমের অবসান হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত