৩ বছরের অপেক্ষা ফুরোল এবিএম সুমনের

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৪:৫৫ পিএম

বহুল আলোচিত সিনেমা এমআরনাইন এর শুটিং শেষ হয়েছে গত ২৯ জুন। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। সিনেমাটির জন্য গত তিন বছর ধরে নিজেকে প্রস্তুত করছিলেন এবিএম সুমন। শুটিং শেষ করার ভেতর দিয়ে তার অপেক্ষার পালা ফুরোল।

এবিএম সুমন দেশ রূপান্তরকে বলেন, ’২৯ তারিখে ছবিটির শুটিং শেষ করেছি। আমেরিকা ও বাংলাদেশে হয়েছে ছবিটির শুটিং। সর্বশেষ আমরা রায়ের বাজারের বধ্যভূমিতে শুটিং করেছি। শুটিং শেষে গতকাল হলিউডের টিম চলে গেছে।’

গত ১৪ মে আমেরিকায় শুরু হয় ছবিটির শুটিং। প্রায় ২০/২২ দিনের শুটিং শেষে গত মাসে এমআরনাইন টিম আসে বাংলাদেশে। হলিউড টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল জানিয়ে এবিএম সুমন বলেন, ‘বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে, নতুন একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করলাম। যতটা চ্যালেঞ্জিং ভেবেছিলাম, কাজ করতে গিয়ে ততটা মনে হয়নি। গত তিন বছর ধরেই ওয়েইট করছিলাম কাজটার জন্য। অবশেষে কাজটা ভালোভাবে শেষ করতে পারলাম।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই তো মাসুদ রানা সিরিজ পড়তাম। ফলে ছোটবেলা থেকেই মাসুদ রানার সঙ্গে পরিচয় ছিল। অ্যাডাপ্ট করতে খুব একটা কষ্ট করতে হয়নি। মানসিকভাবে সব সময় রেডি ছিলাম। স্ক্রিপ্ট অনুয়ায়ী দিয়েছি আমরা।’

‘এমআরনাইন’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত