করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় সরকারের ‘নো মাস্ক, নো সার্ভিস’ নির্দেশনা জয়পুরহাটের কোরবানির পশুর হাট ও বাজারগুলোতে মানা হচ্ছে না। গত ২৮ জুন মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশ জারি করে।
জয়পুরহাটের নতুনহাট একটি বড় পশুরহাট। এ হাটে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে গরু-ছাগল ক্রেতা-বিক্রেতারা নিয়মিত আসেন। গতকাল শনিবার বিকেলে জয়পুরহাটের নতুনহাটে গিয়ে দেখা গেছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই হাটে কেউ মাস্ক পরেনি। সরকারের নতুন নির্দেশনা সম্পর্কে তেমন জানেন না অনেকেই।
বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা-বিক্রেতা ও পাইকাররা বলেন, হাটে কেউই মাস্ক পরেনি, এ জন্য আমরাও পরিনি। আর হাটের পক্ষ থেকে আমাদের কেউই বলেনি যে মাস্ক পরতে হবে বা স্বাস্থ্যবিধি মানতে হবে।
নতুনহাট পশুর হাটের ইজারাদারের প্রতিনিধি রিপন মোল্লা বলেন, আসলে আমরা কেউ মাস্ক চাইলে তা দিচ্ছি। কিন্তু কেউই মাস্ক পরেনি। সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ হাটে আছেন। তাদের মনিটরিং আরও জোরদার করা দরকার।
এ ব্যাপারে জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, জেলার সব প্রতিষ্ঠান প্রধানকে এ ব্যাপারে চিঠি ও নির্দেশনা দেওয়া হয়েছে। হাটে স্বাস্থ্যবিধির বিষয়টি দেখছি।
