বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাচ্ছেন দুই কূটনীতিক

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০১:৪৩ এএম

‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আগামীকাল বৃহস্পতিবার এ দুই রাষ্ট্রদূতের হাতে পদক হস্তান্তর করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কূটনীতিতে বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ প্রদান শুরু হয় ২০২১ সাল থেকে।

রাশিয়ার আগ্রাসনের সময় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার কার্যক্রমে বিশেষ তৎপর ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা। এর আগে ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ও দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

অন্যদিকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদারে বিশেষ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ দেওয়া হচ্ছে। তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত