বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ে গর্জনের মতো : কাদের

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০১:৪৩ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই। দেশের মানুষ জানে তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে গর্জনের মতো।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাকবলিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলার মানুষকে অর্থ সহায়তা দেয়।

ওবায়দুল কাদের বলেন আন্দোলন, কীসের আন্দোলন, কবে হয়েছিল আন্দোলন? শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছিল ঈদের পর, ডাক দিয়েছিল পরীক্ষার পর। এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। দেখতে দেখতে ১৩ বছর। আন্দোলন হবে কোন বছর? এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আপনি এবং আপনার সহকর্মীরা শেখ হাসিনাকে আক্রমণ করে যে ভাষা প্রয়োগ করেন, এটা কোনো ভদ্রলোকের ভাষা নয়। এটা রাস্তার ভাষা। তারা রাস্তার ভাষায় কথা বলেন। আমরা রাজনীতির ভাষায় কথা বলি। এটা হলো তাদের (বিএনপির) সঙ্গে আমাদের পার্থক্য।

আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যেকোনো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো বলে জানিয়ে কাদের বলেন, দেশের যেকোনো দুর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যায় আওয়ামী লীগ। ঝড়-বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট অঞ্চলে গিয়েছিলেন। আমরা তাদের কিছু বলতে চাই না। আমরা জবাব দেব কাজ দিয়ে।

কারোনাভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা বাড়ছে। ঈদের পর আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ট্রেনিং দিয়ে গেছেন বঙ্গবন্ধু। বাবার দেখানো পথেই বারবার অসহায় মানুষের কাছে ছুটে গেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ফলে ত্রাণ কার্যক্রমে আমাদের নেতাকর্মীদের ট্রেনিং দেওয়া লাগে না। সবাই নিজ নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ান। এটাই আওয়ামী লীগ।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি সব সময় মিথ্যাচারে ব্যস্ত। তারা বন্যাকবলিত এলাকার মানুষের পাশে না গিয়ে ঢাকায় বসে মিডিয়াতে সরকারের বিরুদ্ধে নিয়মিত নির্লজ্জভাবে মিথ্যাচার করছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত