নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছনা

রহমতুল্লাহর ছাত্রত্ব বাতিল, শিক্ষককে শোকজ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:৩৬ এএম

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় জড়িত অভিযোগে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী মো. রহমাতুল্লাহর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। এ ছাড়া নড়াইলের ওই কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এর পাশাপাশি লাঞ্ছনার ঘটনায় নির্লিপ্ততার কারণে কলেজটির পরিচালনা পর্ষদকেও (গভর্নিং বডি) শোকজ করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ লাঞ্ছনায় জড়িত থাকার অভিযোগে বিএল কলেজের শিক্ষার্থী মো. রহমাতুল্লাহর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের সম্মান শ্রেণির ছাত্র। এ ছাড়া ওই ঘটনা সংঘটিত হওয়ার সময় নেতিবাচক ভূমিকা পালনের জন্য মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। একই সঙ্গে লাঞ্ছনার ঘটনার সময় নির্লিপ্ততার কারণে কলেজ গভর্নিং বডিকে শোকজ করা হয়। দ্রুত সময়ের মধ্যে পরিচালনা পর্ষদকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।

এর আগে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনায় গত ২৮ জুন তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় ওই তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের ওপর আলোচনা শেষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

তদন্ত কমিটির প্রধান ছিলেন খুলনা বিএল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর ওই কমিটির সদস্য এবং সদস্য সচিব ছিলেন খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক।

উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে ‘সমর্থন জানিয়ে’ ফেইসবুকে পোস্ট দেন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক কলেজছাত্র। ওই ছাত্রের বিরুদ্ধে ‘ব্যবস্থা গ্রহণে দেরি করার’ অজুহাতে গত ১৮ জুন কয়েকশ পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত