পররাষ্ট্রমন্ত্রী বললেন

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ছিলেন শিনজো আবে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৬:৫১ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। তিনি একজন পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু ছিলেন।  তিনি বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বাঙ্গীণ অংশীদারত্বমূলক সম্পর্কে উন্নীত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

গতকাল মঙ্গলবার ঢাকায় জাপান দূতাবাসে শিনজো আবের মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করা শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নিজ দেশে এভাবে অ্যাবের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে ড. মোমেন বলেন, ‘এটা একটি অবিশ্বাস্য ব্যাপার।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান আমাদের সহায়তা করে আসছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন। বিশেষ করে সে সময় জাপানি কোম্পানিগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছে।’

তিনি বলেন, ‘শিনজো আবে বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার আমন্ত্রণে জাপান সফর করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম। আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে।’

প্রসঙ্গত, গত ৮ জুলাই আততায়ীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এরই মধ্যে শোক জানিয়েছেন। নিহত আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।

শোক পালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও, শোক দিবসে তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

*

×
সর্বশেষ সর্বাধিক পঠিত