চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনের মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ ২ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন।
জানা যায়, আজ সকালে এক পাগলকে বাঁচাতে গিয়ে বাইকে থাকা স্বামী-স্ত্রী সড়ক দুর্ঘটনায় পড়েন। এতে মোটরসাইকেলের পেছনের আসনে থাকা চালকের স্ত্রী ও রাস্তায় থাকা পাগল মহিলার মৃত্যু হয়।
মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক। এতে এক পথচারীও আহত হন। আহতদের চট্টগ্রামের বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল আরোহীরা ১৫-২০টা মোটরসাইকেল একসঙ্গে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী এক নারীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন অপর নারী ঘটনাস্থলে মারা যান।
