ওটিসির শেয়ার ও সম্পদ বিক্রিতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:৪৭ এএম

বিলুপ্ত ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানিগুলোর প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য ঠেকাতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এখন থেকে এসইসির অনুমোদন ছাড়া ওটিসি থেকে এটিবি ও এসএমই মর্কেটে স্থানান্তর হওয়া কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকরা শেয়ার ও কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা স্থানান্তর করতে পারবেন না। একই সঙ্গে এসব কোম্পানি নতুন করে পরিশোধিত মূলধনও বাড়াতে পারবে না। সম্প্রতি এক আদেশে এসইসি এমন নিষেধাজ্ঞা জারি করেছে।

ওটিসির কোম্পানিগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে এসইসি। বন্ধ বা রুগ্ণ এসব কোম্পানিতে নতুন বিনিয়োগ ও মালিকানা বদলের মাধ্যমে স্বাভাবিক উৎপাদনে ফিরিয়ে আনার এ উদ্যোগে হঠাৎ করেই ওটিসির কোম্পানিগুলো নিয়ে একশ্রেণির বিনিয়োগকারীর আগ্রহ তৈরি হয়েছে। আর এমন পরিস্থিতির সুযোগ নিয়ে ওটিসির কিছু কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা মূলধন বাড়ানোর নামে প্লেসমেন্ট বাণিজ্য শুরু করেছেন। প্লেসমেন্টে দুর্বল এসব কোম্পানির ১০ টাকার শেয়ার বিক্রি হচ্ছে ২০ টাকায়। ব্যক্তিগতভাবে লাভবান হতে এমন বাণিজ্য করছেন মালিকানা বদলের অনুমতি পাওয়া কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা।

এ অবস্থায় ওটিসির কোম্পানিগুলোর অবৈধ প্লেসমেন্ট বাণিজ্য ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করল এসইসি। ওটিসিভুক্ত বা পুনরুজ্জীবিত করার প্রক্রিয়ায় থাকা কোনো কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া মূলধন বাড়ানো বা প্লেসমেন্ট শেয়ার বা বিদ্যমান শেয়ার কেনা বা বেচা বা যে কোনো ধরনের হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ৭ জুলাই এসইসির জারি করা এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ওটিসি মার্কেট থেকে এটিবি বা এসএমই মার্কেটে স্থানান্তর হওয়া কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকরা নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়, বিক্রয় কিংবা শেয়ার স্থানান্তর করতে পারবে না। কোম্পানিগুলোর স্থাবর-অস্থাবর সম্পত্তিও কমিশন এবং কোম্পানির বিনিয়োগকারীদের অনুমতি ছাড়া ক্রয়-বিক্রয় কিংবা স্থানান্তর করা যাবে না।

আদেশে বলা হয়েছে, ওটিসি থেকে এটিবি এবং এসএমইতে স্থানান্তর হওয়া কোম্পানিগুলোর পরিচালকদের সমন্বিতভাবে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। একই সঙ্গে প্রত্যেক পরিচালককে এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কোম্পানি চাইলেও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। পরিশোধিত মূলধন বাড়াতে নতুন করে শেয়ার ইস্যুর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত হওয়ার আগে ওটিসি কোম্পানিগুলোর কমপক্ষে ৫০ শতাংশ শেয়ার ডিম্যাট আকারে থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত