হবিগঞ্জে বিয়ের দাওয়াত দিতে গিয়ে হাওরে ঝড়ের কবলে নৌকা ডুবে চার নারী প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে ঝড়বৃষ্টিতে নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের শরাফত উল্লার স্ত্রী লেদি বেগম (৬০), তমির আলীর স্ত্রী আয়াতুন্নেছা (৫০), রওশন আলীর স্ত্রী হুর বানু (৫৫) এবং আবদুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫)।
শিকারপুর গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, আগামী শুক্রবার আবদুল হামিদের মেয়ে তৃণার বিয়ে। সেই অনুষ্ঠানের দাওয়াত দিতে বাহুবলের স্নানঘাটে আত্মীয়দের বাড়িতে যান তৃণার স্বজনরা। বিকেলে তারা নৌকায় বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন। এ সময় নৌকাটি উল্টে গেলে ঘটনাস্থলেই তৃণার মা জরিনা বেগম, চাচি লেদি বেগম, আয়াতুন্নেছা ও হুর বানুর মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল রুয়াইল গ্রামের বাসিন্দা শ্রীকান্ত সরকার জানান, নৌকাটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই নারী, এক শিশু ও নৌকার মাঝিকে জীবিত এবং চার নারীর লাশ উদ্ধার করে।
বাহুবল থানার ওসি রকিবুল ইসলাম খান নৌকা ডুবে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাতে পারেননি।
