সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া লাগবে না। কেবল আয়কর শনাক্তরণ নম্বর (টিআইএন) থাকলেও বিনিয়োগ করা যাবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর প্রতিস্থাপিত ধারা ১৮৪ (ক)-এর উপধারা ৯ অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে টিআইএন দাখিল করতে হবে।
তবে সঞ্চয়পত্রে ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে ৫ লাখ টাকা বা এর বেশি সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে বিনিয়োগ করতে ব্যক্তির আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র অথবা করদাতার টিআইএন নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সংবলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র জমা দিতে হবে। এটা সম্ভব না হলে করদাতার টিআইএন নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সংবলিত উপ-কর কমিশনারের কাছ থেকে ইস্যুকৃত সনদপত্র প্রদান করতে হবে।
গত ৯ জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সঞ্চয়পত্র কেনা, ব্যাংকঋণ নেওয়া, ইংরেজি ভার্সনে পড়ালেখাসহ কয়েকটি খাতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমার বাধ্যবাধকতা আরোপের ঘোষণা দেন।
