আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর এবার পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। স্থানীয় সময় বৃহস্পতিবার স্বেচ্ছায় তিনি এ ঘোষণা দেন। তবে প্রধানমন্ত্রী মারিও দ্রাগির পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। তিনি মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাগি গত বছর ফেব্রুয়ারিতে দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। প্রেসিডেন্ট ইতালির করোনা-পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন।
ফাইভ স্টার পার্টি চায় ইউক্রেন যুদ্ধ মূল্যস্ফীতিকে যেভাবে উসকে দিয়েছে, তাতে ভুক্তভোগী মানুষের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানো দরকার।
