চলতি জুলাইয়ে ডেঙ্গু পরিস্থিতি এ বছরের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। গত ১৫ দিনে সারা দেশে ৫২১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় দৈনিক গড় রোগীর সংখ্যা ছিল ৩৪ জন। এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ আক্রান্ত মাস জুনের প্রথম ১৫ দিনের প্রায় দ্বিগুণ। ওই ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৭৭ জন ও দৈনিক গড় রোগী ছিল ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসে যেভাবে ডেঙ্গু রোগী বাড়ছে তাতে গত জুনকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত জুনে মোট রোগী ভর্তি হয়েছিল ৭৩৭ জন ও দৈনিক গড় রোগী ছিল ২৪ জন। এ মাসের গত ১৫ দিনেই দৈনিক গড় রোগী দাঁড়িয়েছে ৩৪ জন করে। এভাবে রোগী বাড়তে থাকলে মাস শেষে রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে, যা জুনের চেয়ে প্রায় দ্বিগুণ হবে।
গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জন। তাদের মধ্যে রাজধানীতেই ভর্তি হয়েছে ১ হাজার ৪০২ জন। এর বাইরে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বাকি সব বিভাগেই রোগী ভর্তি হয়েছে। ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরপর রয়েছে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ।
এ বছর এখন পর্যন্ত রাজধানীর বাইরে ঢাকা জেলায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। ঢাকা মহানগর ছাড়া ঢাকা বিভাগে মাত্র চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে ডেঙ্গু রোগী বাড়ছে। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৬৩ জন। জুন মাসে তা বেড়ে দাঁড়ায় ৭৩৭ জন এবং এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ডেঙ্গু রোগী ৩০ জন এবং ঢাকার বাইরে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ২০ জন সরকারি এবং ১১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মহানগরের বাইরে এ সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
গতকাল পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৪২৩ জন। হাসপাতালে ভর্তি আছে ১৮৬ জন। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি ঢাকা মহানগরের বাসিন্দা।
