‘কবি আবদুল হাকিম পুরস্কার’ পেলেন শাবিহ মাহমুদ

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১২:৩২ পিএম

‘কবি আবদুল হাকিম পুরস্কার ২০২২’ পেয়েছেন কবি, গবেষক ও সাংবাদিক শাবিহ মাহমুদ। বৃহত্তর নোয়াখালীর ওপর গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘নোয়াখালী লেখক ফোরাম’ এ পুরস্কার প্রদান করে।

নোয়াখালী জেলা প্রতিষ্ঠার ২০০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী শিল্পকলা একাডেমি পুরাতন ভবনে এ পুরস্কারের স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম ফজলুল হক বাদল ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি  ও নজরুল বিশেষজ্ঞ ড. আবু হেনা আবদুল আউয়াল।

গবেষণায় আরও পুরস্কৃত হয়েছেন মো. ফখরুল ইসলাম, গাজী গিয়াস উদ্দিন, ম পানা উল্যাহ্, একেএম গিয়াস উদ্দিন মাহমুদ ও এএসএম ইউনুছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ।   

এ ছাড়া কবিতার জন্য ‘কবি আবদুল হাকিম পুরস্কার ২০২১’ পেয়েছেন কবি আবু হেনা আবদুল আউয়াল।

প্রথম দশকের কবি-গবেষক শাবিহ মাহমুদ ‘নবীনচন্দ্র সেন : চিন্তা ও দর্শন’ গ্রন্থে উনিশ শতকের প্রখ্যাত কবি নবীন সেনের উন্নয়ন দর্শনকে জন স্টুয়ার্ট মিলের ‘উপযোগবাদী’ দর্শনের সমিল চেহারায় ব্যাখ্যা করেছেন।

সম্প্রতি একেএম মক্রমবিল্ল্যা চৌধুরী ও শ্রীঅশ্বিনীকুমার সোম তত্ত্বনিধি লিখিত প্রায় শতবষের্র প্রাচীন ‘নোয়াখালীর ইতিহাস’ গ্রন্থটির সম্পাদনা ও ভূমিকা লিখেছেন শাবিহ। এ গ্রন্থে নোয়াখালীর ভূমি গঠন বিষয়ে নতুন তথ্য তুলে ধরেছেন তিনি।

শাবিহ মাহমুদের প্রকাশিত গ্রন্থের মধ্যে আরও রয়েছে ‘ময়মনসিংহের কবিতা: ১৯৪৭-২০০৭’ (গবেষণা) ও  ‘না নৈহাটি না পুষ্পস্তবক’ (কবিতা)।

শাবিহ মাহমুদ ১৯৭৭ সালের ৭ জানুয়ারি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছেন। ফেনী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ২০০৯ সালে নাট্যাচার্য ড. সেলিম আল দীন কর্তৃক ওয়ার্ল্ড কালচারাল সেন্টারের প্রথম শাখার (ফেনী) সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। দৈনিক সংবাদে কর্মরত শাবিহ মাহমুদ বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অধীনে ‘গণমাধ্যম ও সাংবাদিকতা’ বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত