ঈদের পর কমেছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৫৬ পিএম

ঈদের পর কমেছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন। গত মে মাসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের লেনদেনের পরিমাণ ছিল ৬৪ হাজার ৯৪৬ কোটি টাকা। যা এর আগের মাস এপ্রিলে ছিল রেকর্ড ৯৩ হাজার ৩২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচিত মে মাসে আগের মাসের তুলনায় লেনদেনের পরিমাণ ২৮ হাজার ৮৬ কোটি টাকা বা ৩০ দশমিক ১৮ শতাংশ কমেছে।

গত এপ্রিল মাসে রোজা ছিল। মে মাসের ৩ তারিখে ঈদুল ফিতর উদযাপন হয়। ফলে এপ্রিল মাসে ঈদকেন্দ্রিক লেনদেন ছিল অনেক বেশি। তবে পরের মাসে এই লেনদেনে ধস নামে।

গত মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা ছিল ১১ কোটি ২৬ লাখ ৯৪ হাজার। এর মধ্যে ৫৩ দশমিক ১৫ শতাংশই গ্রামীণ এলাকার গ্রাহকদের হিসাব। পুরুষ গ্রাহকদের হিসাব ৫৬ দশমিক ১৮ শতাংশ।

মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের ক্যাশ ইন বা টাকা জমার পরিমাণ ছিল ১৮ হাজার ৭৫৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে ক্যাশ ইনের পরিমাণ ছিল ২৭ হাজার ৭৪০ কোটি টাকা। মে মাসে ক্যাশ আউট বা টাকা উত্তোলনের পরিমাণ ছিল ১৮ হাজার ৩০০ কোটি টাকা। এপ্রিলে ক্যাশ আউটের পরিমাণ ছিল ২৫ হাজার ৬৩৩ কোটি টাকা। 

গত এপ্রিলে ব্যক্তি গ্রাহক থেকে ব্যক্তি গ্রাহকের কাছে টাকা পাঠানোর (সেন্ড মানি) পরিমাণ ছিল ২৬ হাজার ২৬৯ কোটি টাকা। মে মাসে সেন্ড মানির পরিমাণ কমে ১৯ হাজার ৬৮৪ কোটি টাকায় নেমে আসে। তবে মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রয় প্রতিষ্ঠানের কেনাকাটার বিল পরিশোধ হয়েছে ২ হাজার ৫২৭ কোটি টাকা। এপ্রিলে কেনাকাটার বিল পরিশোধের পরিমাণ ছিল ২ হাজার ৬৭৭ কোটি টাকা।

গত এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি ভাতা পরিশোধের পরিমাণ ছিল ৬১৭ কোটি টাকা। মে মাসে সরকারি ভাতা পরিশোধ কমে ১৭৬ কোটি টাকায় নেমে এসেছে।

আলোচিত মাসে মোবাইল ব্যাংকিংয়ের বেশিরভাগ লেনদেন কমলেও মোবাইল ফোনের ব্যালান্স রিচার্জ করা ও বিভিন্ন সেবার বিল পরিশোধ করা বেড়েছে। গত মে মাসে এমএফএস গ্রাহকরা মোবাইল ফোনের টকটাইম কিনতে ব্যয় করেছেন ৭৪৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে টকটাইম কেনার পরিমাণ ছিল ৬৯৫ কোটি টাকা।

মে মাসে এমএফএস গ্রাহকরা গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সেবার বিল পরিশোধ করেছেন ১ হাজার ৩৩২ কোটি টাকা। আগের মাসে বিল পরিশোধের পরিমাণ ছিল ১ হাজার ৩৩০ কোটি টাকা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত