আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ। আজ ইসির পক্ষ থেকে চারটি দলকে আমন্ত্রণ জানানো হলেও ৩টি দল সংলাপে অংশ নিচ্ছে।
ইসি ও রাজনৈতিক দলের সূত্রগুলো থেকে পাওয়া তথ্যমতে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস ইসির সংলাপে যাচ্ছে। বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএ) আমন্ত্রণ পেলেও সংলাপে যাচ্ছে না।
ইসি সূত্র জানিয়েছে, আজ থেকে শুরু হয়ে এ সংলাপ ৩১ জুলাই পর্যন্ত চলবে। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি এতে অংশ নিতে পারবেন।
তবে এবারও সংলাপে যোগ দেবে না বিএনপি। এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি ছাড়াও দলটির নেতৃত্বাধীন জোটে থাকা অন্যান্য দল এমনকি আওয়ামী লীগ জোটে থাকা বেশ কয়েকটি দলও অংশ নেয়নি।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের মূল দাবি হচ্ছে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। নির্বাচনকালীন সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। অন্যদিকে কমিশন সরকারের আজ্ঞাবহ তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তাই বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না।’
ঈদুল আজহার আগেই কবে, কখন, কোন দলের সঙ্গে সংলাপ হবে তা প্রকাশ করেছে ইসি। তিনটি দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে তারা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপের সময় রেখেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
নির্বাচন ভবনে সংলাপের সূচি প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ১৭ জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএ) সঙ্গে বৈঠক করবে ইসি।
অন্য দলের সঙ্গে সংলাপের সূচি : ১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, দুপুর আড়াই থেকে সাড়ে ৩টা পর্যন্ত খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; ১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২টা থেকে ১টা ইসলামিক ঐক্য জোট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল); ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি; ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।
এছাড়া ২৪ জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি (জেপি), আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ; ২৫ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি); ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি); ২৭ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ; ২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১১টা গণফোরাম, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ম্যাপ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ৩১ জুলাই (রবিবার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।
