ভারতে রাষ্ট্রপতি নির্বাচন দৌড়ে এগিয়ে দ্রৌপদী

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৬:৫৩ এএম

ভারতে ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় ১০০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে এই নির্বাচনে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহা। মুর্মু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী এবং যশবন্ত বিরোধী দলগুলোর প্রার্থী।

ভারতীয় গণমাধ্যম বলছে, সব দিক বিবেচনায় রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মু এগিয়ে আছেন। শেষ মুহূর্তে বিহারের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, শিবসেনা দলের সমর্থন পেয়েছেন তিনি।    

গতকাল সোমবার ভারতের সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী মোদি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ৭৩০ জন নির্বাচক ভোট দিয়েছেন। সংসদ ভবনে ৯৮ দশমিক ৯০ শতাংশ নির্বাচক ভোট দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশটির প্রায় ৪ হাজার ৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেন।

পশ্চিমবঙ্গ বিধানসভায় সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। সেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক মিলে মোট ভোটার ২৫৪। বিরোধী দল বিজেপির হাতে রয়েছে ৭০ জন বিধায়ক এবং ১৬ জন সাংসদ। সকালে বাসে করে বিধানসভায় আসেন বিজেপির বিধায়ক ও সাংসদরা। তাদের প্রত্যেকের গলাতেই ছিল হলুদ রঙের উত্তরীয়। এটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির প্রতীক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দ্রৌপদীর প্রতি সমর্থন জানাতেই এই বেশভূষা। বিজেপি বলছে, দ্রৌপদী অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। 

ধারণা যা-ই হোক, ভোট গণনা হবে আগামী ২১ জুলাই। নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর যিনি বিজয়ী হবেন তিনি আগামী ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। এরপর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ৬ আগস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত