সাবেক এমপি গোলাম মাওলা রনির ভবন উচ্ছেদ

আপডেট : ২০ জুলাই ২০২২, ০১:১৬ এএম

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি দ্বিতল ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সরকারি সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জানান, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এমন কিছু নয়। সরকারি ৩০ শতক সম্পত্তি উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।

জানা যায়, গলাচিপার উলানিয়া বন্দর বাজারে এক বছরমেয়াদি কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন গোলাম মাওলা রনি। এ ক্ষেত্রে পাকা স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও তিনি সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেন।

ইউএনও আশিষ কুমার আরও বলেন, এ অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে গোলাম মাওলা রনিকে কয়েকবার নোটিস দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু একাধিকবার নোটিস পেয়েও সাবেক এ সংসদ সদস্য সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি।

এ ব্যাপারে আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, ‘এটা মূলত আমার পৈতৃক বাড়ি। ১৯৬০ সাল থেকে আমার বাবা এখানে বসবাস করে আসছে। এ সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার বাবার বাড়িঘর উচ্ছেদ করছে তা আমি জানি না। আমি আদালতকে বিষয়টি অবহিত করব।’ তিনি আরও বলেন, ‘২০০১ সালে ওই ভবন নির্মাণ করেছেন আমার বাবা। আমি তখন এমপি হয়নি। এলাকায়ও যাইনি। ২০০৭ সালে আমার বাবা, মা, আমি ও আমার স্ত্রীর নামে এই জমির একসনা বন্দোবস্ত দেখানো হয়।’

রনি এ বন্দোবস্তের আবেদন করেননি দাবি করে বলেন, ‘আমরা কখনোই বন্দোবস্ত চাইনি। তবে কীভাবে আমাদের নামে বন্দোবস্ত দেখানো হলো? যদি একসনা বন্দোবস্তই হয় তাহলে এতদিন উচ্ছেদ করা হলো না কেন?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত