অর্পিতার বাড়িতে টাকার পাহাড়, নেওয়ার জন্য আনা হল ট্রাক

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৫:৫৩ পিএম

উদ্ধার হওয়া টাকার অঙ্ক ছাপিয়ে গিয়েছে ২১ কোটি। কলকাতার টালিগঞ্জে সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য এবার ট্রাক নিয়ে আসা হয়। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করে ট্রাকে ওঠানো হয়।

শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন ‘টাকার পাহাড়’ আবিষ্কার করেন তদন্তকারীরা। সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি ২১ লাখ টাকা। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাঙ্ক ভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক। উদ্ধার হওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করে তোলা হয় ট্রাকে। ইডি ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে। ট্রাকে ট্রাঙ্কগুলিতে নির্দিষ্ট নম্বর দেওয়া ছিল। হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দুহাজার টাকার নোটের জন্য আলাদা আলাদা ট্রাঙ্ক রয়েছে। ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাঙ্ক।

পাশাপাশি অর্পিতার ওই ফ্ল্যাটে আরও সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় সম্পত্তির একাধিক নথি উদ্ধার হয়েছে সেখান থেকে। এ ছাড়াও ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্পিতার ওই ফ্ল্যাটে স্কুল শিক্ষা দপ্তরেরও কিছু নথি পাওয়া গিয়েছে। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম! ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

দূর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে শনিবার গ্রেপ্তার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষামন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই, রাতভর পার্থকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পার্থ চট্টোপাধ্যায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব। তাকে গ্রেপ্তার করার আগে তার সহকারী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। গতকাল অর্পিতার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি রুপি জব্দ করেন ইডি কর্মকর্তারা। অর্পিতা পেশায় একজন মডেল ও অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত