চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন করেছে। সাম্প্রতিক সময়ে করা খসড়া আবেদনে ব্যাংকটি পুঁজিবাজার থেকে অভিহিত মূল্যে ৭০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের ৭ কোটি শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হবে। এটি তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩৪-এ।
২০২১ সালে মিডল্যান্ড ব্যাংকের নিট সুদ আয় হয় ৯৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ কোটি টাকা। বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজসহ ২০২১ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা হয় ২৬৩ কোটি ৬১ লাখ টাকা, যা ২০২০ সালে ছিল ২৩২ কোটি টাকা। কর পরিশোধের পর ২০২১ সালে ব্যাংকটির নিট মুনাফা হয় ৫১ কোটি ৪০ লাখ টাকা, যা ২০২০ সালে ছিল ৬৫ কোটি ৬৩ লাখ টাকা।
২০২১ সালে মিডল্যান্ড ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল ৫৬৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় দাঁড়ায় ৯০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৫ পয়সা। ২০২১ সাল শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩ টাকা। আইপিও-পরবর্তীতে ব্যাংকটির পরিশোধিত মূলধন দাঁড়াবে ৬৩৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।
আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, চট্টগ্রামের ব্যবসায়ী মাস্টার আবুল কাশেমসহ ৩৩ জন উদ্যোক্তা ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নিলুফার জাফরউল্লাহ। পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করবে। এর মধ্যে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ৬১ কোটি ১১ লাখ ও পুঁজিবাজারে ৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে খসড়া প্রসপেক্টাসে। এছাড়া অবশিষ্ট অর্থ আইপিও খরচ খাতে ব্যবহার হবে।
