সম্প্রতি ফ্যাক্টরি গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান করেছে লিনেক্স ও বেঙ্গল মোবাইল। ডিলারদের নিয়ে গত ২১ জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। লিনেক্স ও বেঙ্গল মোবাইল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিকস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবির বাবলু ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম। গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মোবাইল ফোন পরিবেশকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশের উৎপাদিত মোবাইল ফোন দেশের নিজস্ব বাজারের চাহিদা প্রায় শতভাগ মিটিয়ে এখন দেশের বাইরে রপ্তানি হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা দক্ষতার সঙ্গে এসব তৈরি করছে। এর মাধ্যমে যেমন আমাদের দেশে কর্মসংস্থানের তৈরি হচ্ছে তেমনি আমরা একটা নতুন মাইলফলকের দিকেও যাচ্ছি।
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টা এবং উৎপাদনবান্ধব নিয়মনীতির কারণে দেশে মোবাইল শিল্পের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। একটা সময় ছিল যখন মোবাইল ফোন আমদানি করতে হতো। এখন দেশেই মোবাইল সেট তৈরি হচ্ছে। লিনেক্স মোবাইলের ফ্যাক্টরিটি থেকে প্রতি মাসে দুই লাখ হ্যান্ডসেট তৈরি হবে। এর পাশাপাশি দেশে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
বাংলাদেশ লিমিটেড বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গপ্রতিষ্ঠান লিনেক্স ইলেকট্রনিকসের নতুন এ কারখানায় মাসে প্রায় দুই লাখ মোবাইল ফোন সংযোজন করা যাবে। কারখানাটিতে কর্মসংস্থান হয়েছে ৪০৪ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানাটি দেশে সুলভমূল্যে মোবাইল ফোন সরবরাহ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। কারখানার কর্মরত প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী অভিজ্ঞতাসম্পন্ন। এখানে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের গুণগত মান ৪৪টি ধাপে অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়ে থাকে।
