শ্রীপুরে লেভেল ক্রসিংয়ে বাস চারজন নিহত

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:৫১ এএম

গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া লেভেল ক্রসিংয়ে শ্রমিকবাহী একটি বাস উঠে পড়লে ট্রেনের ধাক্কায় নারী শ্রমিকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকাল  পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই দুর্ঘটনা ঘটে। ওই লেভেল ক্রসিংয়ে  কোনো গেইটম্যান ছিলেন না বলে জানা গেছে। নিহতরা হলেন বাসচালক তাজুল ইসলাম (৪০), ইলিয়াস হোসেন (৩৫), রহিমা আক্তার প্রিয়া (২৫) ও মাসুমা আক্তার (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাঘাট থেকে পাশের তেলিহাটি এলাকার জামান ফ্যাশনের শ্রমিকরা প্রতিদিন বাসে কারখানায় যান। গতকালও সকাল পৌনে ৮টার দিকে ২৫ জন শ্রমিক নিয়ে বাসটি কারখানায় যাচ্ছিল। পথে মাইজপাড়া লেভেল ক্রসিংয়ের সামনে  মোড় ঘুরতেই বাসের সামনের অংশ ট্রেন লাইনের ওপর উঠে যায়। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসচালকসহ চারজন নিহত হয়। 

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এখানে নিয়ম করে তিনজন গেইটম্যান দায়িত্ব পালন করেন। কিন্তু প্রায় সময় বিশেষ করে সকালের শিফটে অনেক দেরিতে গেইটম্যান দায়িত্বে আসেন। সকাল থেকেও বেশ কয়টা ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংটি অরক্ষিত থাকে।’ 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি শ্রীপুর স্টেশনে ৭টা ৫ মিনিটে স্টেশন ছেড়ে যায়। সকাল পৌনে ৮টার দিকে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষ ঘটে। গেইটম্যানের দায়িত্বে কে ছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, ওই গেইটসহ বেশ কটি গেইটম্যান রেলওয়ে প্রকৌশল বিভাগের দায়িত্বে রয়েছেন। তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে নিহত পরিবারের জন্য ২০ হাজার ও আহত পরিবারের জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে। একটি তদন্ত কমিটিও করে এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ৪ জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তবে আরও হতাহতের খবর আসতে পারে। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত