গোপালগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:১৪ এএম

গোপালগঞ্জে প্রতিপক্ষ কুপিয়ে খুন করেছে তরুণকে। এছাড়া, কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতার, গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত এবং মানিকগঞ্জের সিংগাইরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

গোপালগঞ্জ : রানা মোল্লা (৩৫) নামের তরুণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গত রবিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলা রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। রানা উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দিন এবং স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে রঘুনাথপুর ঘুরতে গেলে পূর্বশত্রুতার জেরে রানা মোল্লাকে একই এলাকার বদু সরদার ও তার সহযোগী ১৫-১৬ জন কোপায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে শাহিন মজুমদার (৩৯) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ২টার দিকে উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ছাতিয়ানী পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে অজ্ঞাত (৩০) নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। পুলিশের দাবি, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে ফেলা হয়।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরের ধল্লা খান পাড়ায় বাড়ির পাশের ঘাসের জমিতে পাওয়া গেছে হাজি যদু খানের (৭৫) লাশ। গত রবিবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে। যদু খানের নামে চাঁদাবাজির মামলা আছে। আগের রাতে পুলিশ বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে ছিলেন। তবে, প্রত্যক্ষদর্শী এক নারী জানিয়েছেন, দুপুরের দিকে মুখোশধারী চার ব্যক্তি লাশটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এসে পুলিশকে খবর দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত