সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে : হাইকোর্ট

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৪:২৪ এএম

দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় বড় অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। সাংঘাতিক এই অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে বলে মনে করে আদালত। একটি ব্যাংকে ঋণ জালিয়াতির আসামিদের আগাম জামিন শুনানিকালে গতকাল মঙ্গলবার এমন মন্তব্য করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাখায় ঋণ জালিয়াতির অভিযোগে করা মামলায় হাইকোর্ট ৬ জনকে আগাম জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে অধস্তন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ফৌজিয়া আক্তার পপি দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ মার্চ দুদক রাজশাহী সমন্বিত কার্যালয়ে একটি মামলা করা হয়। এতে ব্যাংকটির শিবগঞ্জ শাখার বরখাস্ত এসবিআইএসও মো. ফয়েজুর রহমান, সাবেক বিনিয়োগ ইনচার্জ মো. আবু বকর, সাবেক ব্যবস্থাপক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান, সাবেক ব্যবস্থাপক মো. আফজাল হোসেন, শাখার কনিষ্ঠ কর্মকর্তা মনোয়ারা খাতুন ও স্থানীয় নূর ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. নূর আলম। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ ধারার অভিযোগ আনা হয়। এতে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে স্বাক্ষর জাল করে ভুয়া ঋণ হিসাব খোলা ও ২ লাখ ৩০ হাজার টাকার ভুয়া ঋণ মঞ্জুর এবং স্বাক্ষর জালের মিথ্যা অভিযোগ এনেছেন।

গতকাল আবু বকর, মনিরুজ্জামান খান, আফজাল হোসেন ও মনোয়ারা খাতুন আগাম জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিকালে হাইকোর্ট বলে, ‘সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে। এখানে বড় বড় অপরাধ হচ্ছে। দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশ এগোবে কীভাবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত