বাংলাদেশে আরও বিনিয়োগের আশ্বাস জাপানি প্রতিষ্ঠানের

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:৩৬ এএম

জাপানের দুটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্র দেখিয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। গতকাল বুধবার প্রতিষ্ঠান দুটির সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দুটি বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এই আগ্রহ প্রকাশ করেন।

জাপানে জাইকার সদর দপ্তরে নসরুল হামিদের সঙ্গে প্রতিষ্ঠানটির নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচির বৈঠক হয়। এ সময় তিনি বলেন, পরিবেশের ক্ষতি না করে টেকসই উন্নয়নে জাইকা সহযোগিতা করে থাকে। নতুন ধরনের জ্বালানি রূপান্তর, কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে আরও কাজ করতে চায় জাইকা।

জাইকার কর্মকর্তা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সঞ্চালন এবং বিতরণ খাত, সুপারভাইজরি কন্ট্রোল ও ডাটা অ্যাকুইজিশন বা স্ক্যাডাসহ প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে কারিগরি ও আর্থিক সহযোগিতা নিয়ে জাইকা বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। বায়ুবিদ্যুৎ বা মেরিন এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আরও গবেষণা প্রয়োজন। জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ ও সাশ্রয়ী জ্বালানি নিয়ে একসঙ্গে আরও কাজ করার সুযোগ রয়েছে।’

জেবিআইসির বিদ্যুৎ ও জ্বালানিতে বিনিয়োগের আশ্বাস : জেবিআইসি’র জাপানের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির গভর্নর হায়াশি নবুমিৎসুর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় জেবিআইসি’র গর্ভনর হায়াশি নবুমিৎসু বলেন, ‘আমরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নতুন নতুন প্রকল্পে অর্থায়ন করতে চাই। বাংলাদেশে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজতর করা উচিত। বাংলাদেশে জাপানের কোম্পানি ও ব্যবসায়ীদের কাজের আগ্রহ বাড়ছে।  বাংলাদেশে জেবিআইসি’র অর্থায়ন বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশে জেবিআইসি কার্যালয় খোলার আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে জেবিআইসির বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান।

এ ছাড়া এলএনজি টার্মিনাল, এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে জেবিআইসির গভর্নরের সঙ্গে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেবিআইসির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমে অর্থায়ন নিয়েই এই সমঝোতা স্মারক সই হয়। জাপানের এই আর্থিক প্রতিষ্ঠানটি বাংলাদেশের এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত