দেশ রূপান্তর সম্পাদক, সাংবাদিক গড়ার কারিগর অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার ডিএনসিসি মেয়র এক শোকবার্তায় এই শোক ও দুঃখপ্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিএনসিসি মেয়র শোকবার্তায় আরও বলেন, ‘অমিত হাবিব ছিলেন বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ। সাংবাদিকতায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গণমাধ্যম জগতে অপূরণীয় ক্ষতি হলো।’
বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
২১ জুলাই রাতে অফিসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অমিত হাবিব। প্রথমে তাঁকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
