আখাউড়া উপজেলা ছাত্রলীগ

১১ জন মিলে চার বছরেও করতে পারেননি কমিটি

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:২৪ পিএম

এক বছর মেয়াদের কমিটির হয়ে গেছে চার বছর। এগারোজন ছাত্রনেতা মিলে এই চার বছরেও করতে পারেননি পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে আংশিক ওই কমিটির সভাপতি বিয়ে করেছেন। এখন তার আর ছাত্রনেতৃত্বের বয়স নেই। অপরদিকে, ওই কমিটির সাধারণ সম্পাদক হয়ে আছেন কোণঠাসা। তার ওপর ১১ জনের ওই কমিটির দুজন ঢুকে গেছেন সরকারি চাকরিতে।

সব মিলিয়ে হ-য-ব-র-ল অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের। কমিটির ব্যাপকতা না থাকা ও নানা সমস্যায় সাংগঠনিক স্থবিরতা দেখা দিয়েছে। শুধুমাত্র স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকের আগমনের দিনে ছাত্রলীগের ‘মেয়াদোত্তীর্ণ আংশিক’ ওই কমিটির নেতাদের তৎপরতা দেখা যায়। জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর আখাউড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়।

শাহাবউদ্দিন বেগ শাপলুকে সভাপতি ও সাখাওয়াত হোসেন নয়নকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে পরবর্তী এক বছরের জন্য অনুমোদন করা হয়। কমিটির অন্য নেতারা হলেন সহ সভাপতি আশিকুর রহমান নাঈম, সৈয়দ তানভীর শাহ মন, সৈয়দ যুবরাজ শাহ রাসেল ও তানভীর আহম্মদ। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান ও সুম্ময় খান এবং সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মিয়া, মেহদী হাসান মাহী ও শাহজাদা খাদেম।

উপজেলা ছাত্রলীগে এখন একক আধিপত্য সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলুর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুবলীগের আহ্বায়ক, পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজি জামাই তিনি। বিয়ে করা ও ছাত্রলীগের কমিটিতে থাকার বয়স পেরিয়ে গেলেও শাপলু এ পদে এখনো বহাল।

অপরদিকে, জনপ্রিয়তা থাকলেও কোণঠাসা সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন। দলের ‘সেøাগান পাগলা’ হিসেবে পরিচিত সংগঠনের সহ-সভাপতি আশিকুর রহমান নাঈম এখন সরকারি চাকুরে। চাকরি করে ব্যস্ত সময় পার করছেন সাংগঠনিক সম্পাদক শাহজাদা খাদেমও। দলের আরেক নিবেদিতকর্মী সহ-সভাপতি তানভীর আহমেদ নানা অভিমানে এতদিন রাজনীতি থেকে দূরে থাকলেও এখন কিছুটা সক্রিয়  দেখা যায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করে বলেন, দলের ভেতর আমি একা কোনো সিদ্ধান্ত নিই না। কমিটির অন্যদের সঙ্গেও কথা বলি। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ সম্মেলনের সম্ভাবনা আছে। ইউনিয়ন কমিটি গঠনের কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, আগস্ট মাসের শেষ নাগাদ আমরা আখাউড়া ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তারিখ দিয়েছি। এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে আমরা আংশিক কমিটি ভেঙে সম্মেলনের ব্যবস্থা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত