চলন্ত নৈশকোচের নিয়ন্ত্রণ নিয়ে ৩ ঘণ্টা আটকে ডাকাতি, ধর্ষণ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৩:৪৮ এএম

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘ঈগল পরিবহনের’ একটি নৈশকোচে এ ঘটনা ঘটে। যাত্রীদের বরাতে পুলিশ জানায়, বাসটি ছেড়ে আসার পর যাত্রীবেশে ওঠে ১০-১২ জনের একটি দল। সিরাজগঞ্জ পার হওয়ার পর বাসটি তিন ঘণ্টা তাদের নিয়ন্ত্রণে রেখে ভেতরে যাত্রীদের মারধর করে ও লুটপাট চালায়। এ সময় এক নারী যাত্রীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। পরে বাসটি টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশে কাত করে ফেলে পালায় ডাকাত দল। টাঙ্গাইলে এর আগে কয়েক দফায় চলন্ত বাসে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন ও উপপরিদর্শক এনামুল হক বাস থেকে দেশি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন। তারা জানান, ডাকাতি ও ধর্ষণের আলামত খুঁজতে গোয়েন্দা বিভাগের একাধিক দল কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঈগল পরিবহনের বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নাটোরের বড়াইগ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব দেশ রূপান্তরকে জানান, তিনি ওই বাসের নিয়মিত যাত্রী। বাসের সুপারভাইজার রাব্বি ও হেলপার দুলাল তার পূর্বপরিচিত। কিন্তু ঘটনার দিন বাসের এবারের চালক নতুন ছিল। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে নৈশভোজের জন্য যাত্রাবিরতি দেয়। পরে রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহন করা ১০-১২ জন তরুণ যাত্রী ওঠে। তখন সবাই প্রায় ঘুমে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ওই তরুণ দল অস্ত্রের মুখে একে একে ঘুমন্ত যাত্রীদের সবাইকে বেঁধে ফেলে। প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককেও জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাঁচ মিনিটের মধ্যে সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গহনা লুট করে নেয়। তারপর এক নারী যাত্রীকে দল বেঁধে ধর্ষণ করে। পরে বাস বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে তিন ঘণ্টার মতো তাদের নিয়ন্ত্রণে রাখে। সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে মধুপুর থানা পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কুষ্টিয়ার এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। তদন্তে ভালো অগ্রগতি হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত