টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জরু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল সোনালিয়া এলাকার একটি গজারি বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গায়রাবেতিল সোনালিয়া গ্রামের পাগু মিয়ার ছেলে।
পুলিশ জানান, শুক্রবার সকালে এলাকার লোকজন গজারি বনে অর্ধগলিত একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জরু মিয়ার পরিচয় নিশ্চিত করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নেছার উদ্দিন জানান, জরু মিয়া ছেলেকে বিদেশে পাঠানোর জন্য এক আদম ব্যবসায়ীর মাধ্যমে টাকা জমা দেন। কিন্তু ছেলেকে দীর্ঘদিনেও বিদেশ পাঠাতে না পেরে তিনি হতাশায় ভুগছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে জরু মিয়ার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে বলে তিনি জানান।
