চলমান সংকটের মধ্যেও বিশ্বনেতাদের নিজেদের দেশে আমন্ত্রণ জানানো অব্যাহত রাখবে তাইওয়ান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন স্বশাসিত দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন যখন অঞ্চলটি সফরের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পেইচিং।
বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে স্বাগত জানিয়েছেন জোসেফ উ। তিনি বলেন, পেলোসির মতো নেতাদের তাইওয়ান সফর খুবই গুরুত্বপূর্ণ। এতে তাইপের সুনাম বৃদ্ধি পায়। আন্তর্জাতিক সম্প্রদায় এটা অনুধবান করতে পারে যে তাইওয়ান একটি গণতান্ত্রিক দেশ। এই ইস্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার তাইওয়ান প্রণালিতে চীনের নৌমহড়ারও নিন্দা জানান তিনি। তিনি বলেন, পেইচিংয়ের প্রতিক্রিয়ার মুখে গণতান্ত্রিক রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো থামাবে না তাইপে।
জোসেফ উ বলেন, চীনের আগ্রাসী আচরণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তাদের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহনব্যবস্থা ব্যাহত হচ্ছে। কারণ, বৃহস্পতিবার দুপুর থেকেই তাইওয়ান প্রণালিতে চীনের সামরিক মহড়ার কারণে শত শত জাহাজ এবং বিমানকে অন্য পথে চলাচলের ব্যবস্থা করতে হয়েছে। তাইওয়ান চীনের একমাত্র লক্ষ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। জোসেফ উ বলেন, চীন কী করছে, সে ব্যাপারে এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রাখা উচিত। তাইওয়ান স্থিতাবস্থা বজায় রাখতে চায়। নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়াসহ একটি স্বশাসিত দ্বীপ হিসেবে এটি বজায় থাকবে।
চীনা যুদ্ধবিমান ও জাহাজ তাইওয়ানের মূল দ্বীপ বরাবর ‘আক্রমণের অনুরূপ’ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে তাইপে। শনিবার সকালে এ মহড়া হয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ান প্রণালিতে চীনা বিমানের একাধিক বহর শনাক্ত হয়েছে, এর মধ্যে কিছু তাইওয়ান ও চীনের অনানুষ্ঠানিক সীমা বলে বিবেচিত প্রণালির মাঝরেখাও অতিক্রম করেছে। তাইওয়ানের সেনাবাহিনী সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় আকাশপথে নজরদারির টহল বাহিনী, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ব্যবহার করছে এবং উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখা উপপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় একটি হোটেলের কক্ষ থেকে। সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সিএনএর খবরে বলা হয়েছে, গতকাল শনিবার তাইওয়ানিজ সশস্ত্র বাহিনী পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপপ্রধান ওউ ইয়াং লি-হসিংয়ের মরদেহ একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। পরে পরীক্ষা করে জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাইওয়ান কর্র্তৃপক্ষ।
প্রসঙ্গত, চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে সম্প্রতি সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তাইওয়ান। চলতি বছর নিজেদের বার্ষিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্বিগুণের বেশি বাড়িয়ে ৫০০তে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
