‘দ্য ভার্জিনিয়ান’ ও ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’-এর অভিনয়শিল্পী ক্লু গুলাগার মারা গেছেন। গত ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় ৯৩ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়। বার্ধক্যের কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেন গুলাগার। ম্যাকগাইভারকে নিয়ে নির্মিত ‘থিন আইস’ সিরিজেও তিনি অভিনয় করেন। গুলাগারের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক সিন বাকার লিখেছেন, ‘তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম বলে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ‘টানজারিন’ সিরিজে ও ‘ভি’ ম্যাগাজিনের ফটোশ্যুটে তার সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। তিনি দুর্দান্ত একজন মেধাবী, ভদ্র ও দয়ালু মানুষ। তিনি সিনেমাকে ভালোবাসতেন। আমরা আপনাকে মিস করব।’ গত শতকের পঞ্চাশের দশকে অতিথি শিল্পী হিসেবে টিভি সিরিজে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। ক্যারিয়ারের শুরুর দিকে এনবিসির ‘দ্য টল ম্যান’ সিরিজের দুই সিজনে অভিনয়ের পর নিয়মিত কাজের ডাক পেতে থাকেন তিনি। পরবর্তীকালে ‘দ্য ভার্জিনিয়ান’, ‘দ্য লাস্ট পিকচার শো’সহ বেশ কয়েকটি কাজে পাওয়া গেছে তাকে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে গুলাগারকে।
×
