সেই শিশুকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা দিতে নির্দেশ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৩:১১ এএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে পেট ফেটে ভূমিষ্ঠ শিশু ফাতেমার আইনি অভিভাবককে ৫ লাখ টাকা দিতে সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডকে এক মাস সময় দিয়েছে উচ্চ আদালত। গতকাল রবিবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে গত ১৯ জুলাই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে শিশুটির আইনি অভিভাবকের হাতে আপাতত ৫ লাখ টাকা ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দেয়। একই সঙ্গে শিশু ফাতেমার দেখভাল ও তত্ত্বাবধান নিশ্চিত করতে একটি কমিটি গঠন করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয় আদালত। তবে বরাদ্দ সাপেক্ষে এই অর্থ দিতে সময় চেয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টে একটি আবেদন করা হয়। এর ধারাবাহিকতায় হাইকোর্ট ওই টাকা দিতে গতকাল এক মাস সময় বেঁধে দিল।

আদালতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ট্রাস্টি বোর্ড বলেছিল তাদের বরাদ্দ নেই। এজন্য তিন মাস সময় প্রয়োজন। আমরা শিশুটির সার্বিক অবস্থা তুলে ধরে এ বিষয়ে আদেশ চাই। আদালত তখন একমাস সময় দিয়ে বলেছে, যদি এই আদেশ কার্যকর না হয় তাহলে এর আগে যে আদেশটি (গত ১৯ জুলাই) দিয়েছিল সেটি বহাল থাকবে।’

গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে অন্তঃসত্ত্বা স্ত্রী রতœার স্বাস্থ্য পরীক্ষা করতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তাদের সঙ্গে ছিল ছয় বছরের শিশুসন্তান সানজিদা। উপজেলা সদরের কোর্ট ভবনের সামনের এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করে ঢাকা-ময়মনসিংহ সড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় বেপরোয়া গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তবে দুর্ঘটনার সময় মায়ের পেট চিরে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক কন্যাশিশু। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির বাম হাত ভেঙে যায়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর শিশুটি এখন রয়েছে রাজধানীর আজিমপুরে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত