শ্রদ্ধা ভালোবাসায় এসএম সুলতানের জন্মবার্ষিকী

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:১১ এএম

শ্রদ্ধা ও ভালোবাসায় নড়াইলের কৃতীসন্তান বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা,  আর্ট ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান।

গত মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্স চত্বরে শিল্পীর মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এসএম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতন, ছাত্র পরিষদসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  এসময় শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে (শিশুস্বর্গে) শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় দেড় শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুদের রঙতুলিতে আবহমান গ্রাম বাংলার নানা চিত্র, মহান মুক্তিযুদ্ধ, শিল্পী সুলতানের জীবন ও কর্মসহ নানা চিত্র ফুটে ওঠে। চিত্রাঙ্কন শেষে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের সবুজ শ্যামল ছায়াঘেরা চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত