সাউথইস্ট ব্যাংকের এজিএমে লভ্যাংশ অনুমোদন

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১:৩২ পিএম

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভাপতিত্ব করেন। এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ৮ শতাংশ নগদ লভ্যাংশ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পরিচালক জোসনা আরা কাশেম, মো. আকিকুর রহমান, ম. মনিরুজ জামান খান, মো. রফিকুল ইসলাম, আঞ্জুমান আরা সাহিদ, ব্যাংকের এমডি এম কামাল হোসেনসহ অন্যান্য পরিচালক এবং উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা।

ব্যাংকের এমডি এম কামাল হোসেন এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২১ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের ওপর আলোকপাত করেন। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২১ সালে ৮৬৭ কোটি টাকা সমন্বিত পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ ৩৭ হাজার ৬৭০ কোটি টাকা, মোট সম্পদের পরিমাণ ৪৯ হাজার ৫৮৪ কোটি টাকা ছিল। এ সময় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫০ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৫ টাকা ২২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৭ টাকা ৮৯ পয়সা। ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১৩২ কোটি টাকায়।

এজিএমে ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত