জাতিসংঘের বৈঠকে ভিসা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের : মুখপাত্র

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০১:৫৮ এএম

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘের আমন্ত্রণে কোনো আয়োজনে কোনো রাষ্ট্রের প্রতিনিধিত্ব কে করবে তা ওই রাষ্ট্রই ঠিক করবে। আর এজন্য ভিসা ও জাতিসংঘে আসতে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের দায়িত্ব।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশপ্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবেন বলে এক আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত শুক্রবার বলেন, ‘জাতিসংঘ থেকে আমাদের দাওয়াতপত্র দেওয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা যাওয়ার পরিকল্পনা করেছি।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি কীভাবে জাতিসংঘে আমন্ত্রণ পেয়েছেন আর কীভাবে তিনি সেখানে যাবেনএ বিষয়ে গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছিল। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা মনে করি, এখানে দুটি বিষয় আছে। প্রথমত, জাতিসংঘের বৈঠকে কোনো রাষ্ট্রের প্রতিনিধিত্ব কে করবে সে বিষয়ে মনোনীত করার ক্ষেত্রে রাষ্ট্রগুলো স্বাধীন। এ সিদ্ধান্ত আমরা নিই না। এখানে আসা ও ভিসার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনকে প্রশ্ন করতে পারেন। কারণ ভিসা তারা (যুক্তরাষ্ট্র) দেয়।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার পরও আইজিপি বেনজীর আহমেদ জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে যেতে পারবেন কি নাএ প্রশ্নের জবাবে গত সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক। যদি কোনো রকমের অসুবিধা না হয় তাহলে আমরা আশা করছি উনি যোগ দিতে পারবেন। আর যদি সমস্যা থাকে, সেটাও আমরা আগেই জানার চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত