প্রেম-ভালোবাসা মানে না কোন বাধা-বিপত্তি। যে কোন ধরনের বিপদ অতিক্রম করার ক্ষমতা রয়েছে প্রেমের। প্রেমকে স্মরণীয় করে রাখতে মোঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তাজমহল। যুগ যুগ ধরে প্রেমের কারণে নানান ধরনের ঘটনা ঘটছে। প্রেমের কারণে সাগর-মহাসাগর অতিক্রম করে বাংলাদেশে এসেছেন বহু প্রেমিক ও প্রেমিকা। তেমনি এক ঘটনা ঘটেছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা দিনাজপুরে। প্রেমিকাকে বিয়ে করতে দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়া নাগরিক প্রকৌশলী অ্যাড্রিয়ান বারিসো নিরা (৩৫)।
দিনাজপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রিয়া থেকে যার জন্য অ্যাড্রিয়ান বারিসো নিরা বাংলাদেশে এসেছেন তিনি হলেন দিনাজপুরের ৫নং উপশহরের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে নুসরাত জাহান রুম্পা (২৭)।
অস্ট্রিয়ার নাগরিক প্রকৌশলী অ্যাড্রিয়ান ৭ আগস্ট প্রেমিকা রুম্পাকে বিয়ে করার জন্য বাংলাদেশে আসেন। প্রেমিকাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর নিয়ে যেতে যান তার নিজ দেশে। তবে রুম্পার অস্ট্রিয়া যেতে সময় লাগবে কমপক্ষ ৬ মাস।
অ্যাড্রিন অস্ট্রিয়ার ভিয়ানার বাসিন্দা এবং একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে অংশীদারি হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, আমেরিকায় রুম্পা ও অ্যাড্রিয়ানের আত্মীয়ের বাসা পাশাপাশি। ২০১৯ সালে সেখানে তাদের পরিচয় হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথা চলতে থাকে। ২০২০ সালে তারা বিয়ে করার জন্য সম্মত হলে করোনার কারণে তা সম্ভব হয়নি। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমায় গত ৭ আগস্ট বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান। ৯ আগস্ট রুম্পার পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রুম্পা বলেন, অ্যাড্রিন মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ। তার ব্যবহার খুবই ভালো। আমরা যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। তিনি আমাকে নিয়ে তার নিজ দেশে যেতে চায়। কিন্তু হঠাৎ করে তো আর সেখানে যাওয়া যায় না। এতে প্রায় ৬ মাসের মত সময় লাগবে। এদেশে এসে সে খুবই খুশি হয়েছে। এদেশের প্রকৃতি, মানুষ তার খুব ভালো লাগছে বলে আমাকে জানিয়েছেন।
প্রকৌশলী অ্যাড্রিয়ান বলেন, দীর্ঘ ৪ বছর ধরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখেছি, বাস্তবে তার থেকেও সে অনেক ভালো। এদেশের প্রকৃতি ও মানুষ খুব ভালো। খাবার খুবই সুস্বাদু। আমি রুম্পাকে আমার দেশে নিয়ে যেতে চাই। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে আমি খুবই ভালোবাসি।
