ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে চার দিনেও ঘরে ফেরেননি এক ব্যবসায়ী। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারটি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় ডায়েরি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি বলেন, ‘পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সন্ধান পাওয়া যাবে।’
নিখোঁজ ওই ব্যক্তির নাম সৈয়দ মো. আবুল বরকত (৪৫)। তিনি ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার সিঅ্যান্ডবি পুলসংলগ্ন এলাকার মিরাবাড়ির বাসিন্দা।
নিখোঁজ আবুল বরকতের স্ত্রী জহুরা লাইজু বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার স্বামী ছেলের ওষুধ আনার জন্য বাসা থেকে বের হন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি ফিরে না আসায় তার মোবাইল নম্বরে কল দিই। কিন্তু বন্ধ পাই। এরপর আত্মীয়স্বজন অনেকের কাছে খোঁজ করেও কোনো হদিস পাইনি।’
তিনি আরও বলেন, আমার স্বামী ব্যবসায়ী। সাথে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছে।’
