বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুদিন করা যায় কি-না সে বিষয়টা ভেবে দেখছি। আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন হবে। সেটাকে আমরা এ বছর থেকেই বাস্তবায়ন করব কি-না তা ভেবে দেখছি। এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বলতে পারছি না। তবে আমরা এটা নিয়ে ভাবছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না উল্লেখ করে তিনি বলেন, ‘সারা বিশ্বেই কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ রয়েছে। সরকারও দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষা বিস্তারে এ খাতে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করা হচ্ছে। মানসম্পন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবীদের দ্বারা শ্রেণিকক্ষে শিক্ষণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের সরকারগুলো নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দুইবার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশে পর্যাপ্ত শ্রমশক্তি তৈরি করতে এবং শিক্ষার্থীদের পরিবারকে বাড়তি শিক্ষাব্যয় থেকে রক্ষা করতে ডিপ্লোমা ডিগ্রি তিন বছরের হওয়া শ্রেয়।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. শাহ আলম মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমান উল্লাহ খান ইউসুফজী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন।
