ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর শেষে ক্লান্ত টাইগার ক্রিকেটাররা এখন বিশ্রামে। কোচরাও আছেন ছুটিতে। শুক্রবারের আগে তাই এশিয়া কাপ দলের প্রস্তুতি শুরু হচ্ছে না। তবে সদ্য টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসান ব্যস্ত অনুশীলনে। এশিয়া কাপের পূর্বেই নিজের সেরা ফর্ম ফিরে পেতে প্রস্তুতির এত তোড়জোড়। গতকালের মতো আজ সোমবারও এসেছিলেন মাঠে। টানা তিন ঘণ্টা করেছেন অনুশীলন।
ক্যারিবিয় সফরের ওয়ানডে সিরিজ থেকে দলের বাইরে সাকিব। ছুটিতে থাকায় ছিলেন না জিম্বাবুয়েতে যাওয়া দলের সঙ্গেও। দীর্ঘ সময় তাই ক্রিকেট থেকে দূরে বিশ্বসেরা এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের মিশনের জন্য তাই আগেভাগেই নিজেকে ঝালাই করে নিচ্ছেন তিনি।
সোমবার সকাল ৯টায় সাকিব মাঠে প্রবেশ করেছিলেন। প্রথমে একাডেমি মাঠে রানিং সেশন করেছেন। পরে সেখান থেকে ইনডোরে গিয়ে সেরেছেন ব্যাটিং প্রস্তুতি। পরে দুপুর ১২টার দিকে মাঠ ত্যাগ করেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
এর আগে গতকাল রবিবারও মাঠে এসেছিলেন সাকিব। সকাল দশটায় মাঠে এসে জিম ও রানিং সেশন করেছিলেন তিনি।
এদিকে জানা গেছে, আগামী ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ। নতুন টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে অংশ নিবে এবারের আসরে। আগামী ৩০ আগস্ট শারাজায় আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে সাকিবের দল। এরপর ১ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।
