সোনারগাঁয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে নরওয়েভিত্তিক রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান জতুন বাংলাদেশ লিমিটেডের নতুন কারখানার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এ কারখানার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সম্মানিত অতিথি ঢাকার রয়েল নরওয়েজিয়ান এমবাসির ডেপুটি হেড অব মিশন সিলিয়ে ফিনে ওয়ানেবো, জতুন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পার্সি জিজিনাসহ মেঘনা গ্রুপ ও জতুন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় রয়েল নরওয়েজিয়ান এমবাসির ডেপুটি হেড অব মিশন সিলিয়ে ফিনে ওয়ানেবো বলেন, নরওয়ে পরিবেশ সুরক্ষা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতি বেশি জোর দিয়ে থাকে। তাই এ বিনিয়োগে বাংলাদেশ এসব দিকে উপকৃত হবে। ভবিষ্যতে নরওয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে নরওয়েভিত্তিক রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান জতুন বাংলাদেশ ৭৬ লাখ ডলার বিনিয়োগ করেছে।
