হাইকোর্টের রুল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন বাতিল হবে না

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০১:৩০ এএম

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়িয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

৫ আগস্ট রাতে বিশ^বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রজ্ঞাপনে ওই দিন রাত ১২টার পর ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। ৮ আগস্ট জ্বালানি মন্ত্রণালয়ের ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশ এনার্জি লেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন, ২০০৩-এর ২২ ধারা অনুযায়ী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের। এ ছাড়া আইনের ৩৪ ধারা অনুযায়ী মূল্য বৃদ্ধি করতে হলে গণশুনানি করতে হবে। কিন্তু এখানে এই বিধানের কোনো কিছু প্রতিপালন করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত