দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা কঁাঁচা মরিচ পাইকারি পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। সেই হিসাবে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে ৩০-৪০ টাকা।
জানা গেছে, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি পাওয়ায় দীর্ঘ ৯ মাস পর গত ৬ আগস্ট থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। গত মঙ্গলবার বন্দর দিয়ে একদিনেই ২৫ ট্রাকে প্রায় ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হয়।
গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ভালো হওয়ায় বাজারে এর সররবাহ বেড়েছে বলে জানা গেছে। ফলে দেশীয় কাঁচা মরিচের দাম আগের তুলনায় কমেছে। এতে করে দেশের বিভিন্ন মোকামে আমদানিকৃত কাঁচা মরিচের চাহিদা খানিকটা কমেছে। ফলে চাহিদার তুলনায় বাড়তি পরিমাণে কাঁচা মরিচ আমদানি হওয়ায় দাম কমেছে। এছাড়া আমদানিকারকরা নষ্টের আশঙ্কায় খানিকটা লোকসান করে কাঁচা মরিচ বিক্রি করে দিয়েছেন।
