তিন ফিফটিতে ডাচদের বিপক্ষে পাকিস্তানের ৭ উইকেটের জয়

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:১১ এএম

আগের ম্যাচে লড়াইটা ছিল সমানে সমান। তবে এবারের লড়াইটা একপেশে। লক্ষ্যটা খুব বড় ছিল না। তাই সেটা ছুতেও খুব একটা বেগ পেতে হয়নি। আগের ম্যাচের মতো শেষ মুহূর্তে কঠিন করে ফেলার বিষয়ও ঘটেনি। তিন ব্যাটারের ফিফটিতে নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। 

রটারডামে পাকিস্তানি বোলারদের তোপে ৪৪.১ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস। বেস ডে লেডে ও টম কুপার লড়াই না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো স্বাগতিকদের। ৮ রানেই তারা হারিয়ে বসেছিল ৩ উইকেট।

টম কুপার ৬৬ রানের ইনিংস খেলে দলকে একশ পার করে দেন। এরপর লড়েন ডে লেডে। ১২০ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৯ রান করেন এই ব্যাটার। পাকিস্তানের হারিস রউফ আর মোহাম্মদ নেওয়াজ নেন ৩টি করে উইকেট।

জবাবে ১১ রানের মধ্যে দুই ওপেনার ফাখর জামান আর ইমাম উল হককে হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তানও। তবে বাবর আজমের ৫৭ রান এগিয়ে নিয়ে যায় দলকে। পরে মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমানের হাফসেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় সফরকারিরা।

রিজওয়ান আর আঘা গড়েন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি। রিজওয়ান ৬৯ আর আঘা ৫০ রানে অপরাজিত থাকেন। ৪২ রান দিয়ে ৩ উইকেট শিকারি মোহাম্মদ নেওয়াজ হয়েছেন ম্যাচসেরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত