বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে করা মামলা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্র্যাবের উদ্যোগে সাইফুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। সমাবেশে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘সাইফুল ইসলাম জুয়েলের ওপর হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওসার ভূঁইয়া একজন খারাপ লোক। তিনি দুর্নীতি করলেন, সাংবাদিক পেটালেন আবার উল্টো মামলাও করলেন। মামলা করেছেন বলে ভাবছেন আমরা নেগোশিয়েট করতে যাব। আপনি জেনে রাখুন, আমরা কখনো আপনার কাছে যাব না। আপনি মামলা তুলে নেন আর না নেন। আমরা রাস্তায় নেমেছি এর শেষ দেখে ছাড়ব।’
তমাল আরও বলেন, ‘আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এ মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়া কাওসার ভূঁইয়াসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সাত দিনের মধ্যে ওই মামলার চার্জশিট দিতে হবে। এর মধ্য দিয়ে কাওসার ভূঁইয়াকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে।’
ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু তার বক্তব্যে বলেন, ‘মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ধরনের মামলা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল। সরকারের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরি। কিন্তু স্বাস্থ্য খাতের অনিয়মের সংবাদ তুলে ধরার চেষ্টা করায় সাইফুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে মামলা করা হলো, যা নিন্দনীয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী সমাবেশে তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা করে কেউ রেহাই পাবে না। অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থেকেছি, সামনেও থাকব।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘স্বাস্থ্য খাতে দুর্নীতির অনুসন্ধান করায় সাইফুল ইসলাম জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটেছে। আবার উল্টো তার বিরুদ্ধে মামলা করা হলো। এটি অনাকাক্সিক্ষত। আমরা রাজপথে আছি, থাকব।’
