গাজীপুরে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৫২ পিএম

গাজীপুরে প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি।

এদিকে ওই দম্পতিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, জেলার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমান (৫১) ও তার স্ত্রী মাহমুদা আক্তার ওরফে জলির (৩৫) লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরে রাতেই গাজীপুরে তাদের জানাজা শেষে ত্রিশাল উপজেলার দঁড়িকাঁঠাল গ্রামে বাবার কবরের পাশে জিয়াউর ও তার স্ত্রীকে দাফন করা হয়।

এদিকে এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ওই দম্পতির পরিবার থেকে দাবি করা হলেও কোনো মামলা করেননি তারা।

ওসি নন্দলাল জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। তারা এখনও দাফনসহ বিভিন্ন ইস্যু নিয়ে ব্যস্ত আছেন। শুক্রবার বাদ জুম্মা তারা মামলা করবেন বলে জানিয়েছেন।

এছাড়া শিক্ষক দম্পতির মৃত্যুর কোনো ক্লুও এখন পর্যন্ত পাওয়া যায়নি জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও ভিসেরা রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। তবে এরই মধ্যে তারা তদন্ত কাজ শুরু করেছেন। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার সকালে কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে প্রাইভেটকার নিয়ে স্কুলের উদ্দেশে বের হন ওই শিক্ষক দম্পতি। গাড়িটি জিয়াউর নিজেই চালাতেন। স্কুল শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। এরপর থেকে তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করলেও সেদিন কোনো হদিস মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোরে গাড়ির ভেতরে চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশের আসনে তার স্ত্রীকে নিথরভাবে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত