ম্যানইউর মানসিকতা পরিবর্তনের তাগিদ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৫৭ এএম

মৌসুমের শুরুতে ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড। শক্তিতে দুর্বল দুই দলের কাছেই হেরে গেছে তারা। লিভারপুলও প্রথম দুই ম্যাচ ড্র করেছে। আগামীকাল এই দু’দল মুখোমুখি হবে ওল্ড ট্র্যাফোর্ডে। হার আর ড্র’র বৃত্ত থেকে বেরিয়ে আসাটা দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলছেন, ম্যানইউর বর্তমান সংকট তাদের জন্য সহায়ক হবে না। অন্যদিকে ম্যানইউ কোচ টেন হাগ ম্যাচের আগে দলের মনোভাবে পরিবর্তন চান।

ব্রাইটন আর ব্রেন্টফোর্ডের কাছে ৬ গোল খাওয়া, রোনালদোর অনুজ্জ্বল পারফরম্যান্সে প্রচ- চাপের মধ্যে ম্যানইউ। ক্লপ মনে করেন এই পরিস্থিতি বরং কালকের ম্যাচে তাদেরকে ভালো করতে অনুপ্রাণিত করবে। আগের মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ৫-০ এবং অ্যানফিল্ডে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল। ক্লপ সেই প্রসঙ্গ টেনে আনেন। ‘গত মৌসুমে আমরা যখন দুই ম্যাচের ফলাফল দেখলাম, তখনই জানতাম পরবর্তী মৌসুমে এটি কাজে আসবে না। সব সময় বিষয়টি এমনই। আমরা যে পরিস্থিতিতে আছি, এটি ইউনাইটেডকে আরও বেশি অনুপ্রাণিত হতে সাহায্য করবে। সোমবার রাতে সবাই দেখতে পারবেন যে, এ দুই হেভিওয়েট কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে।’ জুলাইয়ে ব্যাংককে প্রাক মৌসুম প্রস্তুতিতে ম্যানইউর কাছে ০-৪ গোলে হেরেছিল লিভারপুল।

ব্রেন্টফোর্ডের সঙ্গে চার গোল হজমের ম্যাচ নিয়ে টেন হাগ বলেন, ‘অবশ্যই আমি খুশি নই। মৌলিক জিনিসটা ভালো হতে হবে এবং এটি সঠিক মনোভাবের সঙ্গে শুরু করতে হবে। মাঠে লড়াই করার মানসিকতা থাকতে হবে। আমি প্রথম মিনিট থেকেই সেটি পাইনি।’ তিনি বলেন, ‘খেলোয়াড়রা ভালো খেলেনি, অনেক ভুল হয়েছে। টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কথা বলে লাভ নেই যখন আপনার মনোভাবই ঠিক নেই।’

রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর ম্যানইউতে যোগদান নিশ্চিত। কিন্তু তবে কালকের ম্যাচে তিনি খেলতে পারবেন না। ওদিকে দলবদলে এই মৌসুম জুড়ে আলোচনায় রোনালদো। ডর্টমুন্ডে যাওয়ার জন্য নিজের এজেন্ট মেন্দেসের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন রোনালদো। এমন খবরের পর ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স জোয়াকিম জানান, দুই পক্ষের মধ্যে কোনো যোগাযোগই হয়নি। ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমি পছন্দ করি। সিগনাল ইদুনা পার্কে ক্রিশ্চিয়ানোর খেলা দেখার ধারণাটা চমৎকার। কিন্তু সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কোনো যোগাযোগ হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিষয়ে কথা বলা বন্ধ করা উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত